ম্যাচজুড়ে ছন্নছাড়া ফুটবল খেলে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপ মিশন শুরু করল টমাস ডুলির শিষ্যরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের প্রথম এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মালয়েশিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৬ নম্বরে থাকা দলটি শুরু থেকেই ১৮১ নম্বরে থাকা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের শক্তিমত্তার স্পষ্ট প্রমাণ দেয়। আরিফ আইমানের জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি আসে অভিষিক্ত বার্গসনের পা থেকে।
এদিন হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলি ওয়াহিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে শক্তিশালী একাদশ গড়ে মাঠে নামলেও শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচের ১৮তম মিনিটে প্রথম ধাক্কা খায় লাল-সবুজের প্রতিনিধিরা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইমান। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৩৮তম মিনিটে রক্ষণের মারাত্মক ভুলে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ডিফেন্ডার শাকিল আহাদ তপুর বাড়ানো ভুল পাস নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আরিফ আইমান (২-০)। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ প্রথমার্ধে দুটি হলুদ কার্ডও দেখায় (ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার সাদ উদ্দিন)।
বিরতি থেকে ফিরেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। উল্টো ৫৩তম মিনিটে মালয়েশিয়ার জার্সিতে অভিষিক্ত সেন্টার ফরোয়ার্ড বার্গসনের গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল। শেষদিকে মালয়েশিয়ার শট গোলবারে না লাগলে হারের ব্যবধান আরও বড় হতে পারত।
হতাশাজনক এই হারের পর আগামী ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন হামজা চৌধুরীরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে।
পড়ুন : এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর


