ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেলও।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে কালীতলা বাজারের মসজিদসংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।
এসআরবি-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেলে থাকা ওই দুই ব্যক্তির কাছ থেকে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআরবি-১৩-এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা মাদক ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে (২৫ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : সরকারি ভাড়ার হিসাব একদিকে, পরিবহনে চলছে অন্য হিসাব
সা/


