গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এবং নদীভাঙন রোধে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের শত শত মানুষ নৌকায় চড়ে নদীতে গিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন। পরে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ও নৌকার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে বালাসীঘাটের অদূরে কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এর ফলে নদীর তীরের মাটি ধসে পড়ার পাশাপাশি পূর্ব খোলাবাড়ী ও উত্তর উড়িয়া গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, আবাদি জমি এবং বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। প্রতিবছর ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হওয়া নদীতীরবর্তী পরিবারগুলো এ নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিক মিলন মিয়া (কাবিলপুর গ্রাম) এবং নৌকা মালিক হেলোয়ার হোসেনকে (সৈয়দপুর এলাকা) ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম চালাবেন না মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, সাময়িক এই জরিমানা ও আটকের পাশাপাশি নদীভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষায় স্থায়ী ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
পড়ুন : পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
সা/


