চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিস আহমেদ নিখোঁজের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কথিত মূলহোতা মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।
রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা শিশু নাফিসকে উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাফিস নিখোঁজের ঘটনায় দুজনকে আটক করা হলেও মো. আবুল কালাম আজাদ এখনো আইনের আওতায় আসেননি। তাকে দ্রুত গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ সময় বক্তারা আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
মানববন্ধনে বক্তব্য দেন নাফিসের বাবা রুবেল হোসেন, আবদুল কাসেম, হাবিবুর রহমান, মরিয়ম বেগম ও জিনিয়ারা বেগম। বক্তারা বলেন, শিশু নাফিস নিখোঁজের ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
পড়ুন : পানিতে ডুবে মৃত্যুঝুঁকিতে শিশুরা: নেত্রকোনায় ৮ মাসে ৮২ প্রাণহানি


