প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অতিরিক্ত কাজী নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে জয়পুরহাটে স্মারকলিপি দিয়েছে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমিতির নেতারা এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সারা দেশে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের পেশা ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে দুজন করে অতিরিক্ত কাজী নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বর্তমান কাজীদের আয় চরমভাবে কমে যাবে। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের পথে বসার উপক্রম হবে। তাই পেশার সুরক্ষা ও জীবিকা রক্ষায় অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান তারা।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি মাওলানা কাজী নুরন্নবী, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন চিশতী, কাজী মুনছুর আলী, কাজী শহিদুল ইসলাম, কাজী মতিয়ার রহমান ও কাজী আব্দুস সোবহান প্রমুখ।
পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত


