কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধি ও জীবিকা টেকসই করার লক্ষ্যে ভেড়া বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সংস্থাটির এএসডি প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের উপকারভোগীদের মাঝে ৩০টি ভেড়া বিতরণ করা হয়েছে।
চলতি বছরে পর্যায়ক্রমে কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলার উপকারভোগীদের মাঝে মোট ৪২০টি ভেড়া বিতরণ করা হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চরাঞ্চলের পরিবেশ ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় ভেড়া পালনকে আয়বর্ধক কর্মকাণ্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে। তুলনামূলক কম খরচে ভেড়া পালন করা যায়। পাশাপাশি ভেড়া দ্রুত বংশবিস্তার করায় ভবিষ্যতে এটি পরিবারগুলোর বাড়তি আয়ের উৎস হতে পারে।
বিতরণের আগে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে ভেড়াগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় সুস্থ ও রোগমুক্ত হিসেবে নির্বাচিত ভেড়াগুলোই উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে পরিবারের আয় বৃদ্ধির পাশাপাশি চরাঞ্চলের মানুষের জন্য টেকসই ও জলবায়ু-সহনশীল জীবিকার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ভেড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপকারভোগী বুলবুলি বেগম বলেন, “আমার তেমন কোনো সম্পদ বা আয়ের উৎস নেই। ভেড়া পেয়ে মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আমি ভেড়াগুলো যত্ন করে লালন-পালন করব। আশা করি, এগুলো থেকে বাচ্চা হবে এবং ভবিষ্যতে আমার পরিবারের আয় বাড়বে।”
একই গ্রামের উপকারভোগী শহিদুল ইসলাম বলেন, ভেড়া পালনের সুযোগ তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা অর্জন ও জীবিকা উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ভেড়া বিতরণ অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে উপকারভোগীদের উন্নত পদ্ধতিতে ভেড়া পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারের জীবিকা উন্নয়নে ফ্রেন্ডশিপের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভেড়া পালনের মাধ্যমে পরিবারগুলো অতিরিক্ত আয় করতে পারবে এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
ফ্রেন্ডশিপের রিজিওনাল ম্যানেজার ও কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, ২০১৭ সাল থেকে এএসডি প্রকল্পের আওতায় চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবিকা উন্নয়ন, কৃষি, প্রাণিসম্পদ ও জলবায়ু-সহনশীল বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, ভেড়া বিতরণের এই উদ্যোগ প্রকল্পের উপকারভোগী পরিবারের আয় বৃদ্ধি, জীবিকার বৈচিত্র্যকরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভেড়া বিতরণের সময় মোগলবাসা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুন নেছা জেবু, ফ্রেন্ডশিপের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম বাবুসহ প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
সা/


