চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা করবে বিদেশি অপারেটর। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত খসড়া চুক্তির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এদিন অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভায় এর অনুমোদন দেয়া হয়। এর ফলে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশার অবসান হতে যাচ্ছে।
এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেয়ার পর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। এ বিষয়ে সরকার প্রক্রিয়া চালালেও শুরু থেকে এনসিটি বিদেশিদের হাতে দেয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। ধারাবাহিকভাবে আন্দোলনও করছেন তারা। এমন পরিস্থিতিতে অনুমোদন পেল খসড়া চুক্তি।
বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভায় বিবিধ বিষয়সহ মোট ২টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে উত্থাপিত ২টি প্রস্তাবের মধ্যে একটি প্রত্যাহার হয় এবং অন্যটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক সভায় বিবিধ বিষয়ের মধ্যে ‘Maintenance of CPA’s New Mooring Container Terminal (NCT) including Overflow Yard (OCY)’ শীর্ষক পিপিপি প্রকল্পের আওতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ১৫ বছর মেয়াদে আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর কর্তৃক পরিচালনার লক্ষ্যে স্বাক্ষরিতব্য খসড়া ‘Concession Agreement’ এর চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। পরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করে কমিটি।
পড়ুন : চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন


