কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মার চরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৮ জন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর মরার চরের চড়ুইকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান। নিহত টেঙ্গুন একই গ্রামের মৃত তৈয়ব মন্ডলের ছেলে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের চড়ইকুড়ি গ্রামের বিএনপি’র আজাহার মেম্বার ও পটল পক্ষের মধ্যে গত দুই-তিন দিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ ঘটনার জেরে আজ বিকেল সাড়ে ৩টার দিকে দেশীয় অস্ত্র (হাসুয়া,ফালা) নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় টেঙ্গুন নামে একজন নিহত হয় এবং উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়িকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বার ও নিহত টেঙ্গুরের বড়ভাই রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটল গ্রুপের মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত হয় গত ৩দিন আগে (২৮ সেপ্টেম্বর) রাতে ভারত থেকে আসা মাদককে কেন্দ্র করে আজাহার মেম্বারের পক্ষের লোকজনের সঙ্গে পটলের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত দু’দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলে আজাহার মেম্বার ও পটল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পটলের ছোট ভাই টেঙ্গুন পেটে সড়কিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পদ্মানদী পথে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০)। আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এ ঘটনায় টেঙ্গুন নামে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।
পড়ুন : ধামরাইয়ে নিসচার মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন


