অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাই সরকারি কলেজে ‘ক্যান্সার সচেতনতায় নতুন বাংলাদেশ গড়ি’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ধামরাই সরকারি কলেজের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। বক্তব্যে তিনি ক্যান্সার প্রতিরোধে আগাম সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তামাক ও ধূমপানমুক্ত পরিবার গঠন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আধুনিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও গবেষক এবং অর্পা বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. নাজমুল কবির।
অর্পা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফরহাদ হোসেন মোল্লা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যান্সারসহ বিভিন্ন মরণব্যাধি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি তামাক ও ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার থেকে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
বক্তারা ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পড়ুন : রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা


