দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা বিনোদন জগতের পাশাপাশি দীর্ঘদিন ধরে উন্নয়ন খাতেও কাজ করছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের পেশাগত সম্পর্কের ইতি টেনে এবার নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।
ব্র্যাকের চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে পেশাগত জীবনের এই নতুন অধ্যায়ের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন তিনি।
কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন এই তারকা।
নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও পেয়েছেন তিনি।
নিজের নতুন কাজের লক্ষ্য সম্পর্কে মিথিলা পোস্টে উল্লেখ করেন, ‘এই উদ্যোগটি, প্রারম্ভিক শৈশব বিকাশ (ECD), পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে; যেখানে একদম ছোট বাচ্চাদের (জন্ম থেকে পাঁচ বছর বয়স) পরিবারগুলোকে তাদের বেড়ে ওঠার জন্য দরকারি সব সুযোগ-সুবিধা আর পরিবেশের সাথে যুক্ত করা হয়।
স্থানীয় মানুষের চাহিদার সাথে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমার গ্লোবাল এক্সপেরিয়েন্সকে কলাম্বিয়ায় কাজে লাগাতে পারব বলে আশা করছি।’
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। তিনি জানান, ‘একই সাথে, আমি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (CUNY)-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছি। আমি সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছি, যেখানে আমি শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধারণার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।’
নতুন পেশাগত অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সাবেক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ও গবেষকদের দলের সঙ্গে কাজের সুযোগকে নিজের কর্মঅভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।
মিথিলার কথায়, ‘আমার এই প্রফেশনাল জার্নির জন্য আমি ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ। কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা রিসার্চ ইনফাস্ট্রাকচার ও মেধাবী গবেষকদের টিমের সাথে কাজ করতে পারা আশাকরি আমার কর্ম অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বিনোদন জগতের বাইরে ব্র্যাকের সঙ্গে কাটানো প্রায় দুই দশকের অভিজ্ঞতার মধ্যে ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন।
সেই বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে চান মিথিলা। আপাতত ক্যামেরা থেকে খানিকটা দূরে রয়েছেন এই তারকা।
পড়ুন : ছোট-বড় নয়, চরিত্রকে বিশ্বাসযোগ্য করাই গুরুত্বপূর্ণ: সুনেরাহ
সা/


