মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী International Tourism, Arts & Culture Exhibition and Conference (INTAC’26)। ২–৪ অক্টোবর ২০২৬ তারিখে Kuala Lumpur Convention Centre (KLCC)-এ আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ট্রাভেলটেক প্রতিষ্ঠান M360 ICT অংশগ্রহণ করছে। বাংলাদেশের ২ টি বুথে বিভিন্ন তথ্য ও উপকরণ এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় পর্যটন গন্তব্য এবং পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে । বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের নিয়ে বাংলাদেশ বুথ পরিদর্শন করছেন ।
মেলার অংশ হিসেবে গতকাল ২ অক্টোবর বিকাল ৩:০০টায় Open Stage-এ বাংলাদেশের পর্যটন বিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। মিজ শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দলের এই আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের প্রশংসা অর্জন করেছে ।
মেলার প্রথমদিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ মেলার অন্যান্য বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতিকে এবং এখাত সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিকে আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে মেলা উদ্বোধন শেষে Guest of Honor Mr. Akbal Setia, Deputy Director General, Promotions/Head of Secretariat-সহ সংশ্লিষ্ট অতিথিগণ, আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
INTAC’26-এ বাংলাদেশসহ ২৫ টি দেশ ১৫৫ টি বুথে অংশগ্রহণ করছে। এর মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ ও এসংক্রান্ত তথ্য-প্রযুক্তি সেবা তুলে ধরাসহ এখাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
পড়ুন : দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিক অপসারণ শুরু
সা/


