সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রতন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রতন। এরপর আর বাড়িতে ফেরেননি। সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পান রতনের মা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা রহিম বক্স জানান, তার ছেলে নেশাগ্রস্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করতেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পড়ুন: ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইমি/


