নারী নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার বিকাশে এক দশক পর গাজীপুরে শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। প্রকৃতির মাঝে তাঁবুবাস ও বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) সকালে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, “প্রতি বছরই এরকম জাতীয় গাইড ক্যাম্প হওয়ার কথা থাকলেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে তা হয়নি। আমরা সৌভাগ্যবান যে দীর্ঘ ১১ বছর পর এবার গাজীপুরে এই জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।” তিনি আরও বলেন, “এখানে গার্ল গাইডদের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই গাইডরা, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনারবৃন্দ, মেয়েদের মায়েরা এবং শিক্ষকরা এসেছেন। আগামী ৭ দিন তারা বিভিন্ন বিষয়ে শিখবে।”
পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক শিক্ষার্থী ও উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এই বাংলাদেশ একদিন সবুজে ভরে উঠবে, হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। এখানকার জেলা প্রশাসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এই ইচ্ছা বাস্তবায়নে তাঁর পক্ষ থেকে গার্ল গাইডদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত থেকে অবদান রাখার আহ্বান জানাচ্ছি। বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুর জেলায় এই কার্যক্রমে তোমরা গার্ল গাইডরা নেতৃত্ব দেবে এটাই প্রত্যাশা রাখি। সবুজের বাংলাদেশ বিনির্মাণে গার্ল গাইডরা হবে গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর।”
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার


