সিরাজগঞ্জ শহরে ক্লাস ফাঁকি দিয়ে দর্শনীয় স্থানে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কয়েকজন শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ ও সতর্ক করার পর তাদের অভিভাবকদের কাছে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহরের চরমালশাপাড়া এলাকায় যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এটি শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি ঠেকাতে পুলিশের দ্বিতীয় দিনের অভিযান বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ক্রসবার-৩ সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান। বিস্তীর্ণ এলাকায় কাশফুল ফুটে থাকায় প্রতিদিনই সেখানে বিভিন্ন বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন। তবে সম্প্রতি স্কুল-কলেজের পোশাক পরা কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সেখানে দীর্ঘ সময় অবস্থান করে আড্ডা দিচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ক্রসবার-৩ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে সেখানে ঘোরাঘুরি ও আড্ডা দিতে দেখা যায়। পরে পুলিশ তাদের পরিচয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম জানতে চায় এবং বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
অভিযানকালে শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে দর্শনীয় স্থানে ঘোরাঘুরি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তাদের সতর্ক করে অভিভাবকদের কাছে পাঠানো হচ্ছে।
পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন
সা/


