পটিয়া ডাকবাংলোর প্রধান ফটক নির্মাণে অনিয়মের অভিযোগ

চট্টগ্রামের পটিয়া ডাকবাংলোর প্রধান ফটক নির্মাণকাজে নিম্নমানের কংক্রিট ব্যবহারের অভিযোগ উঠেছে। জেলা পরিষদের অধীনে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে চলমান এ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

জানা গেছে, কাজটির মূল ঠিকাদার মো. হাসান। তবে সাব-কন্ট্রাক্টর হিসেবে নির্মাণকাজটি করছেন ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন।

সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকবাংলোর প্রধান ফটকের নির্মাণকাজ চলছে। ঢালাইয়ের কাজে ব্যবহৃত কংক্রিটের কালো খোয়ার মান নিয়ে অভিযোগ রয়েছে।

নিয়ম অনুযায়ী, ঢালাইয়ের সময় জেলা পরিষদের একজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা থাকলেও সরেজমিনে শ্রমিক ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানান, প্রধান ফটকের পিলার ঢালাইয়ের সময়ও একই ধরনের কংক্রিট ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী খালেকুজ্জামান বলেন, নিম্নমানের কংক্রিট ব্যবহারের বিষয়টি তিনি ইতোমধ্যে অবগত হয়েছেন। সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্যবহৃত কংক্রিট পরিবর্তন করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিম্নমানের কংক্রিট ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন সাব-কন্ট্রাক্টর নাজিম উদ্দিন। তিনি বলেন, নিম্নমানের কাজ হচ্ছে না। তবে গাড়ি চলাচলের কারণে কংক্রিটের কিছু অংশ নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে স্থাপনার স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তারা নির্মাণকাজে যথাযথ তদারকি এবং নির্ধারিত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন