ঢাকার ধামরাইয়ে একটি ইটভাটার নারী বাবুর্চিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই ভাটার ম্যানেজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। ঘটনার বিচার চাওয়ার পর ওই নারীকে রাতের আঁধারে ইটভাটা থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ম্যানেজার ও ইটভাটার মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার ওই নারী কিছুদিন আগে ধামরাইয়ের একটি ইটভাটায় বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। কাজ শুরুর পর থেকেই ভাটার ম্যানেজার সাদ্দাম হোসেন তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ করেছেন ওই নারী।
ওই নারী অভিযোগ করেন, প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি বিষয়টি ইটভাটার যৌথ মালিক মো. আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলামকে জানান এবং ম্যানেজারের বিরুদ্ধে বিচার দাবি করেন। কিন্তু মালিকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি বলে অভিযোগ তাঁর।
পরে সুযোগ বুঝে ম্যানেজার সাদ্দাম হোসেন তাকে জোর করে একটি স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী। এ সময় তাঁর চিৎকারে বিষয়টি ভাটার শ্রমিকদের মধ্যে জানাজানি হয় বলেও দাবি করা হয়েছে।
ঘটনার পর ওই নারী আবারও ইটভাটার মালিকদের কাছে বিচার দাবি করেন। কিন্তু তাঁর অভিযোগের কোনো প্রতিকার না করে উল্টো তাকে গালাগাল ও ভাটার এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত ম্যানেজার সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ইটভাটার যৌথ মালিক মো. আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলামের বক্তব্যও জানা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পড়ুন:‘বাড়িতে গেলে মেরে ফেলার হুমকি’, পটিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
ইমি/


