চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হান্নান মিয়াজীর বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, একই সময়ে দুটি পদে বেতন-ভাতা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎ এবং একাধিক মামলায় আসামি থাকার অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন এসব অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে বলা হয়, হান্নান মিয়াজী পূর্বের পদ থেকে যথাযথভাবে অব্যাহতি না নিয়ে পরবর্তীতে শিক্ষক পদে নিয়োগ নেন এবং একই সময়ে দুই পদে বেতন-ভাতা উত্তোলন করেন। এতে সরকারি অর্থের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এছাড়া প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারী বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি অর্থ উদ্ধারের পাশাপাশি বিধি অনুযায়ী চাকরি থেকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক হান্নান মিয়াজীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পড়ুন : অটোরিকশা চলাচলে দ্রুত নীতিমালা হচ্ছে: সড়কমন্ত্রী
সা/


