চলতি বছর পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। মহাকাশ থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তকরণ এবং আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস নোবেলজয়ী হিসেবে কণাবিষয়ক পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেনের নাম ঘোষণা করে। নোবেল কমিটি জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থগত উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারে নির্ণায়ক অবদানের’ জন্য হালজেনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
নিউট্রিনো অত্যন্ত ক্ষুদ্র ও প্রায় ভরহীন কণা। সাধারণ পদার্থের সঙ্গে এদের মিথস্ক্রিয়া খুবই কম হওয়ায় নিউট্রিনো শনাক্ত করা অত্যন্ত কঠিন। তবে মহাবিশ্বের দূরবর্তী ও শক্তিশালী বিভিন্ন উৎস সম্পর্কে জানার ক্ষেত্রে নিউট্রিনো গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই গবেষণার গুরুত্বপূর্ণ অবকাঠামো আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি। অ্যান্টার্কটিকার বরফের প্রায় দেড় কিলোমিটার গভীরে স্থাপন করা হয়েছে বিশাল এই বৈজ্ঞানিক গবেষণা ব্যবস্থা। এর মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীতে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করা হয়।
এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। একাধিক বিজয়ী থাকলে এই অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে এবার পদার্থবিজ্ঞানে পুরস্কারটি এককভাবে পেয়েছেন ফ্রান্সিস হালজেন।
আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। পদার্থবিজ্ঞানের নোবেলকে বিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। এর আগে এ পুরস্কারে ভূষিত হয়েছেন আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, পিয়েরে কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক ও নিলস বোরের মতো বিজ্ঞানীরা।
গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে দেখানোর জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
এবারের নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয় সোমবার চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। বুধবার রসায়নে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ বিজয়ীদের হাতে নোবেল পদক তুলে দেবেন। পরে স্টকহোম সিটি হলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নোবেল ভোজ।
পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু
আর/


