গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় যাওয়ার পর এক তরুণীর (১৮) অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় প্রেমিক শান্ত পালকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁকে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রোববার (৪ অক্টোবর) উপজেলার সফিপুরের আহমদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। তাঁর বাবা বাদী হয়ে সোমবার (৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।
মামলার আসামি শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদনগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল। রোববার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে ওই তরুণী ময়মনসিংহের ভালুকার বাড়ি থেকে বের হন।
পরে কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্ত পালের সঙ্গে তাঁর দেখা হয়। সেখান থেকে তাঁকে শান্তর ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরিবারের অভিযোগ, ওই বাসায় থাকার সময় একাধিকবার শারীরিক সম্পর্কের একপর্যায়ে তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পরিবারের সূত্র জানায়, ঘটনার পর শান্ত নিজেই মোবাইল ফোনে তরুণীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে ওই রাতেই তরুণীর মরদেহ তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে স্বজনদের সন্দেহ হলে শান্তকে আটক করা হয়। পরে স্থানীয়রা তাঁকে মারধর করে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে কালিয়াকৈর থানা পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন : ‘চলতি মাসে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে’
সা/


