জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত সভাপতি তারা তালুকদার স্থানীয় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার সকালে ভুক্তভোগী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা তালুকদার দাবি করেন, ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতার অনিয়ম এবং কথিত আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলায় স্থানীয় বিএনপির ওই নেতাদের সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ তৈরি হয় বলে দাবি করেন তিনি।
তারা তালুকদারের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরেই তাঁকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট রাতে তাঁর বাড়িতে ডিবি পুলিশের অভিযান ও তাঁকে গ্রেপ্তারের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, গ্রেপ্তারের পর তাঁকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়। পরিবারের কাছেও টাকা দাবি করা হয়েছিল বলে দাবি করেন তিনি। পরে তাঁকে ইয়াবা উদ্ধারের একটি মামলায় আদালতে পাঠানো হয়।
তারা তালুকদার লিখিত অভিযোগে দাবি, স্থানীয় ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার অনিয়ম ও কথিত আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়টি নিয়ে তিনি সোচ্চার থাকায় তাঁকে রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁর অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে অভিযুক্ত বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তারা তালুকদারের এসব অভিযোগের স্বাধীন সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিরা ও তারা তালুকদারের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন :
সা/


