কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মোড়ে ফিরে সমাবেশে পরিণত হয়।
পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
প্রধান অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “গাঁজার চাষ হয় না, ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকের ফ্যাক্টরি নাই; কিন্তু কুড়িগ্রামে পাওয়া যায়। কারণ সীমান্তের উপায়ে ভারত থেকে আসে।”
তিনি বলেন, কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদীতে কাঁটাতারের বেড়া না থাকায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে ফাঁকা রয়েছে। সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের এই অজুহাতে বাংলাদেশে মাদক আসছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলা কারাগারে ২০৩ জনের ধারণক্ষমতা থাকলেও ৬৭৫ জন কয়েদি রয়েছেন, যার মধ্যে ২৫০ জনই মাদক মামলার আসামি। কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কতিপয় রাজনৈতিক নেতাকর্মীর সংশ্রবের কারণে মাদক সীমান্ত পাড়ি দিয়ে কুড়িগ্রামে ঢুকছে বলেও তিনি দাবি করেন।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, “মাদক ব্যবসা করে ধনী হবেন, কিন্তু সমাজকে নষ্ট করছেন। এটি হতে দেওয়া যাবে না।” তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমে ত্রুটি আছে বলে দাবি করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার আনিসুর রহমান ফিরোজ, সহ-সভাপতি আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন। এ ছাড়া অধ্যক্ষ এরশাদুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, রেজাউল করিম রেজা ও বাবলুসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।
পড়ুন : ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন


