গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি (রাজস) এলাকার হাবিবুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম (৩৭) এবং সাপমারা ইউনিয়নের তরফকামাল এলাকার আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় শাখাহার এলাকা থেকে ২ পিস ইয়াবাসহ ঝর্ণা বেগমকে এবং সাপমারা এলাকা থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালাম আজাদকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ঝর্ণা বেগমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আবুল কালাম আজাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পড়ুন:বড়োদের আসন শুধু দর্শকের, বিশ্ব শিশু দিবসের পুরো মঞ্চ ছিল শিশুদেরই দখলে
ইমি/


