ধামরাইয়ে ২৫ মেধাবী শিক্ষার্থীকে ছাত্রদলের শিক্ষা বৃত্তি

‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে ধামরাই পৌর ছাত্রদল ও ঢাকা জেলা উত্তর ছাত্রদল। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং মেধাবীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ শিক্ষা বৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বুধবার দুপুর ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ‘শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ধামরাই পৌরসভা ও আশপাশের এলাকার নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়।

ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদারনূর ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেকার আলী, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম এবং ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে। আর্থিক নানা সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় যাতে ছেদ না পড়ে, সে জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, ছাত্রদলের পক্ষ থেকে ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এ কার্যক্রম যেন শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থাকে; ভবিষ্যতেও যেন নিয়মিতভাবে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে যে কোনো ভালো উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীরা যেন নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা সবার দায়িত্ব। ছাত্রদলের নেতা-কর্মীরা এ ধরনের ভালো কাজ অব্যাহত রাখলে তিনি সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেকার আলী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাজীবনে পাওয়া সহযোগিতা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও অন্যান্য সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকেরা।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিটির সার্বিক সহযোগিতায় ছিলেন যুবদল নেতা শহিদুল ইসলাম সুজন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও মেধাবী ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

পড়ুন : আসিয়ানের খাদ্যবাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা, বাধা শুল্ক ও সনদ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন