নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তার ঢাকামুখী লেনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
প্রায় আধাঘণ্টা অবস্থানের পর আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া চালুর আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থীকে নিয়ে মহাসড়কে অবস্থান করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হয়।
সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান রুটে দোয়েল ও স্বদেশ পরিবহনে শিক্ষার্থীদের ভাড়া ৫৫ টাকা এবং সাধারণ যাত্রীদের ভাড়া ৭৫ টাকা নির্ধারণ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, ৫৫ টাকা নয়—হাফপাস হিসেবে ভাড়া ৪০ টাকা করতে হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা জানান, হাফপাসের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছিল। পরে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
পড়ুন : কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা


