চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় লেগুনাটি উল্টে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গৈড়লারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া বাঁশখালী উপজেলার আবু হানিফের মেয়ে। পেশায় দিনমজুর হানিফ চলতি মাসেই গৈড়লারটেক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরী থেকে একটি যাত্রীবাহী লেগুনা পটিয়ার দিকে যাচ্ছিল। পথে গৈড়লারটেক এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় শিশু তাসপিয়াকে ধাক্কা দেয় লেগুনাটি। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায়। এতে আরও তিনজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণা সরকার সেতু জানান, সড়ক দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয়েছিল। আহত বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত লেগুনাটি জব্দ করা হয়েছে।
পড়ুন : রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বাড়ল সবজি, মুরগি ও মাছের দাম
সা/


