গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্নপুর এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল এসে ভালুকা চ্যানেল এন্টাপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্টের প্রাইভেটকারে গুলির পর পথরোধ করে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ।
শুক্রবার(৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একাউন্টস ম্যানেজার হিমেল নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা চালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ড্রাইভার লাল মিয়া বলেন, নরসিংদী থেকে প্রাইভেটকার যোগে ৩টি প্লাস্টিকের বস্তা ভর্তি ৪ কোটি টাকা নিয়ে রওনা হয়। উপজেলার গোসিঙ্গা কর্ণপুর গজারি বন এলাকায় আসা মাত্র ১০ থেকে ১২টি মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন অজ্ঞাত নামা ছিনতাইকারী এসে পথরোধ করে গুলি করে। এতে একাউন্ট অফিসার হিমেল গুলিবিদ্ধ হয়। এসময় ধস্তাধস্তি করার সময় তিনিসহ অপর দুজন আহত হয়। ছিনতাইকারীরা গাড়িতে থাকা দুই বস্তা টাকা ছিনিয়ে নেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পড়ুন : পাংশায় আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার


