সাধারণ জ্ঞানে দক্ষতা বাড়াতে জাতীয় প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ১২ শিক্ষার্থী

সাধারণ জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা ও আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘তৃতীয় জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা–২০২৬’। দেশের বিভিন্ন প্রান্তের ৫৬টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেড।

প্রতিযোগিতার লিখিত পর্বে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক হাজার শিক্ষার্থী অংশ নেন। চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শ্রেণি ও পর্যায়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ডে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক এ কে এম এনায়েত কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক এটিএম আনসারী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন একই কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর সোলায়মান কবির।

প্রতিযোগিতার ক-গ্রুপে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) প্রথম স্থান অর্জন করেন শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের তাইয়্যিবা আনসারী। দ্বিতীয় হন স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের ফাতহান বাশার এবং তৃতীয় হন মাইলস্টোন প্রিপারেটরি কে. জি. স্কুলের জহরত মানহা।

খ-গ্রুপে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম স্থান অর্জন করেন রাজউক উত্তরা মডেল কলেজের আব্দুল্লাহ আইয়ান সাদ। দ্বিতীয় স্থান অধিকার করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের তাহমিদুল হাসান জারিফ। তৃতীয় হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মারজিয়া আজিজ তুফা।

গ-গ্রুপে (নবম থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের তাসনীম আনসারী। দ্বিতীয় স্থান অর্জন করেন সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের রাফিন সাদমান মজুমদার। তৃতীয় হয়েছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামিয়া খান।

ঘ-গ্রুপে (দ্বাদশ শ্রেণি পাস থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়) প্রথম স্থান অর্জন করেন ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরীন ইরা। দ্বিতীয় হয়েছেন মাইলস্টোন কলেজের মো. সজিবুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. নাহিদ হোসেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ানো এবং এ বিষয়ে তাদের দক্ষ করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানচর্চায় আরও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

পড়ুন: একটি অটোরিকশা, বদলে যাওয়া পথ; তারপর ধানক্ষেতেই সব শেষ তাজমীনের

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন