সহজ ডট কম: রেলের টিকিট যেন শিয়ালের কাছে মুরগি বর্গা

মুরগির খোঁয়াড় পাহারা দেওয়ার দায়িত্ব যদি শিয়ালের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সেই খোঁয়াড়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট ব্যবস্থাপনা ঘিরে এখন তেমনই প্রশ্ন সামনে এসেছে। ২০২৩ সালে ট্রেনের টিকিট কালোবাজারির একটি চক্রের বিরুদ্ধে অভিযানে সহজ ডট কমের কর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেই ঘটনার পরও অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে একই প্রতিষ্ঠান। এর মধ্যে পরিবহন অডিট অধিদপ্তরের নিরীক্ষায় উঠে এসেছে, সাধারণ যাত্রীদের জন্য টিকিট উন্মুক্ত হওয়ার এক থেকে পাঁচ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। বিভিন্ন স্টেশনের প্রায় ১৬৯টি প্রশাসনিক অ্যাকাউন্টও পরিচালনা করছেন সহজের কর্মীরা বলে নিরীক্ষায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রশ্ন উঠছে, টিকিট কালোবাজারির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পরও অনলাইন টিকিট ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের এত বড় সুযোগ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের হাতে থাকছে কেন? যাত্রীদের জন্য টিকিট কেনা সহজ করার যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ব্যবস্থায় আগাম টিকিট ব্লক করার সুযোগ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রেলের টিকিট কাটতে গিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি দীর্ঘদিনের। নির্ধারিত সময়ে অনলাইনে প্রবেশ করেও অনেক যাত্রী কাঙ্ক্ষিত টিকিট পান না। এমন বাস্তবতায় টিকিট সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার আগেই তা ব্লক করার সুযোগের তথ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও নিরীক্ষায় উঠে আসা এই সুযোগের অপব্যবহার হয়েছে কি না, তা নির্দিষ্ট প্রমাণ ও তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠা করা প্রয়োজন।

বাংলাদেশ রেলওয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কমের সঙ্গে চুক্তি করে। চুক্তির শর্ত অনুযায়ী, সহজের কর্মীদের দায়িত্ব ছিল হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ। টিকিট বিক্রি, আসন সংরক্ষণ, কোটা সমন্বয় কিংবা টিকিট ব্লক ও অবমুক্ত করার মতো কাজ তাঁদের সরাসরি করার কথা নয়। কিন্তু পরিবহন অডিট অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি নিরীক্ষায় বিভিন্ন স্টেশনের প্রায় ১৬৯টি প্রশাসনিক অ্যাকাউন্ট সহজের কর্মীদের পরিচালনার তথ্য উঠে এসেছে।

নিরীক্ষায় চট্টগ্রাম ও সিলেট রেলওয়ে স্টেশনের ই-টিকিটিং ড্যাশবোর্ড পর্যালোচনা করা হয়। সেখানে ছয়টি সক্রিয় ব্যবহারকারী হিসাবের তালিকা থেকে সহজ ডট কমের নিয়ন্ত্রণের বিষয়টি দেখা যায়। সিলেট স্টেশনে দায়িত্বে থাকা ভেন্ডর প্রতিনিধির প্রশাসনিক ড্যাশবোর্ডে এমন সুযোগও পাওয়া গেছে, যার মাধ্যমে দেশের যেকোনো রুটের টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার এক থেকে পাঁচ দিন আগেই ব্লক করা সম্ভব।

২০২১-২২ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত কার্যক্রমের ওপর নিরীক্ষা চালিয়ে এসব তথ্য পেয়েছে পরিবহন অডিট অধিদপ্তর। নিরীক্ষার তথ্য অনুযায়ী, চুক্তিতে নির্ধারিত দায়িত্বের বাইরে টিকিট ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশে ভেন্ডর কর্মীদের নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। এই সুযোগের ব্যবহার কীভাবে হচ্ছে, কারা টিকিট ব্লক করতে পারছেন এবং এ ক্ষেত্রে রেলওয়ের নিজস্ব নজরদারি কতটা কার্যকর—এসব প্রশ্নের উত্তর প্রয়োজন।

নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ই-টিকিটিং সিস্টেমটা আগের মতো যে কালোবাজারি সিস্টেম সেই ধরনের একটা সিস্টেমের নামান্তর হয়ে যাচ্ছে বলে আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি। রেলওয়ে মন্ত্রণালয়ের ভেতরে বা অধিদপ্তরের ভেতরে প্রযুক্তিগতভাবে সক্ষম লোকবল দিয়ে ইন্টারনাল মনিটরিং সিস্টেম চালু করা দরকার।’

সহজ ডট কমের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে যোগাযোগ করা হলেও প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত কর্নেল আমিনুল হক এ বিষয়ে কথা বলতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বার্তা পাঠিয়েও তাঁর কাছ থেকে উত্তর পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ‘ঢালী সিন্ডিকেটের’ মূলহোতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৩। ওই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সহজ ডট কমের কর্মীও ছিলেন বলে র‌্যাব জানিয়েছিল। রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। সে সময় আটটি মুঠোফোন, একটি জাতীয় পরিচয়পত্র, একটি ড্রাইভিং লাইসেন্স, কালোবাজারির বিভিন্ন আলামত এবং টিকিট বিক্রির নগদ ১১ হাজার ৪২২ টাকা জব্দ করার কথা জানায় সংস্থাটি।

র‌্যাবের তৎকালীন বক্তব্য অনুযায়ী, চক্রটির মূলহোতা মিজান ঢালী দীর্ঘদিন ধরে রেলওয়ের টিকিট বুকিংয়ের দায়িত্ব পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৩ সালে তিনি ড্যাফোডিলের কমলাপুর রেলস্টেশন শাখায় পিয়ন হিসেবে যোগ দেন। পরে টিকিট বুকিংয়ের দায়িত্ব সিএনএস ডট বিডির কাছে গেলে অভিজ্ঞ কর্মী হিসেবে তাঁর চাকরি বহাল থাকে। ২০২০ সালে রেলওয়ের টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব সহজ ডট কমকে দেওয়া হলে সেখানেও তিনি কাজ চালিয়ে যান।

র‌্যাবের দাবি ছিল, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার সুবাদে মিজানের বিভিন্ন স্টেশনের সহজ ডট কমের কর্মী, টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তি এবং কালোবাজারি চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে। সেই যোগাযোগ কাজে লাগিয়ে বিভিন্ন স্টেশন থেকে টিকিট সংগ্রহ ও বিক্রির ব্যবস্থা করা হতো বলে জানায় সংস্থাটি। র‌্যাবের বক্তব্যে সহজ ডট কমের কমলাপুর স্টেশনের সার্ভার অপারেটর নিউটন বিশ্বাস ও স্টেশন প্রতিনিধি সবুর হাওলাদারের নামও আসে।

র‌্যাব আরও জানিয়েছিল, চক্রটি প্রতিদিন পাঁচ শতাধিক টিকিট বিভিন্ন উপায়ে সংগ্রহ করে সদস্যদের মাধ্যমে বিক্রি করত। ঈদ, পূজা, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য বিশেষ ছুটির সময়ে চাহিদা বাড়লে আরও বেশি টিকিট সংগ্রহের চেষ্টা করা হতো। তবে ২০২৩ সালের ওই মামলার অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা এবং বর্তমান অডিটে উঠে আসা তথ্য—এসবের মধ্যে সরাসরি যোগসূত্র আছে কি না, তা প্রমাণসাপেক্ষ বিষয়।

একদিকে অতীতে টিকিট কালোবাজারির ঘটনায় সহজের কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ, অন্যদিকে বর্তমান নিরীক্ষায় টিকিট ব্লক করার সুযোগ ও প্রশাসনিক অ্যাকাউন্ট পরিচালনার তথ্য—দুটি বিষয়ই রেলের টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে। যাত্রীদের টিকিট ব্যবস্থাপনায় এমন গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কীভাবে তা পর্যবেক্ষণ করা হবে এবং অনিয়ম ঠেকাতে রেলওয়ের নিজস্ব সক্ষমতা কতটা—এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা জরুরি।

পড়ুন: একটি অটোরিকশা, বদলে যাওয়া পথ; তারপর ধানক্ষেতেই সব শেষ তাজমীনের

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন