গাইবান্ধার ফুলছড়িতে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি এম.এম আইডিয়াল স্কুলের আয়োজনে রবিবার (১১ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মেহদী-উল-সহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি-এর উপ-পরিচালক দেলোয়ার হোসেন, ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুমুল ইসলাম বিদ্যুৎ, ফুলছড়ি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ফুলছড়ি সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল হাবিব মণ্ডল সজল, ফুলছড়ি সরকারি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন এবং ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই মশিউর।
ফুলছড়ি এম.এম আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আলহাজ্ব মো. আজাহার আলী লাভলুর সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মেহদী-উল-সহিদ দুর্গম চরাঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামীর দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের এই অর্জনে অভিভাবক ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য।”
আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুদে শিক্ষার্থীদের পরিবেশিত নাচ,দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি উপস্থিত সকল অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত


