উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান তৈরি, মানসম্মত গবেষণার পরিবেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে এআই কোর্স চালু করতে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টায় গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-র সমাবর্তন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে বাজেট বাড়ানো হয়েছে। বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে আন্তর্জাতিক বাজারে তরুণরা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করতে পারে, সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থাও করা হচ্ছে। একই সাথে অর্জিত জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগাতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ওআইসিভুক্ত ১৬টি দেশের মোট ৬৫৯ জন গ্র্যাজুয়েটকে সনদ ও অভিনন্দন জানানো হয়।
আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূর, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ধামরাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফ্যামিলি কার্ডের খানা জরিপ


