নিখোঁজের চার দিন পরে নাটোর শহর তলীর কাপুড়িয়া পট্টি নূর ক্লথ স্টোরের পাশ থেকে জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে ক্যামেরা উদ্ধার করতে পারেনি। রোববার রাত পৌনে নয়টার দিকে নাটোর সদর থানায় প্রেসবিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেন নাটোর পুলিশ সুপার শরীফুল হক।
পুলিশ সুপার জানান, ৮ তারিখ ঘটনার দিন তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে ব্যাগটি পায়। পরে ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যায়। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখে তার ছেলে অন্তরের সাথে কথা বলে। সংবাদ মাধ্যেমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর ঘটনা যেনে বাবা অমল সাহা ছেলে অন্তরকে ঘটনা জানায়। পরে অন্তর আজ রাতে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল কাপুড়িয়া পট্টি নুর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপটি উদ্ধারের ঘটনা কিরিলকে জানানো হয়েছে। এতে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান, পুলিশ সুপার।
উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। এরপরে নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এক সময় সেই চোর যুবকটি কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন।
পড়ুন : রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি


