লন্ডনের নাইটক্লাবে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আলোচনায় আসা রাগবি খেলোয়াড় তোটোয়া আইভাকে বরখাস্ত করেছে তার ক্লাব সারাসেন্স। সপ্তাহান্তে আলাদা একটি ঘটনায় এক ব্যক্তিকে ঘুষি মারার অভিযোগ ওঠার পর অভ্যন্তরীণ তদন্ত শেষে ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে ক্লাব থেকে বিদায় করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
গত জুনে লন্ডনের চেলসিতে অবস্থিত রেক্স রুমস নাইটক্লাবে ইংল্যান্ডের ব্যাটার গাস অ্যাটকিনসনকে লক্ষ্য করে ঘুষি ছুড়েছিলেন আইভা। তবে সেই ঘুষি গিয়ে লাগে ইংল্যান্ড দলের এক নিরাপত্তাকর্মীর গায়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।ঘটনার সময় নাইটক্লাবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। ওই ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্টোকস ও অ্যাটকিনসনকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল।পরবর্তী সময়ে স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ও ইসিবির তদন্তে দায়মুক্তি পান স্টোকস ও অ্যাটকিনসন।
ইসিবির তদন্তে বলা হয়, চুক্তির নির্দিষ্ট কিছু শর্ত ভঙ্গের বিষয় থাকলেও সহিংস আচরণের জন্য তাদের দায়ী করা যায় না।এদিকে ওই ঘটনার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস ইঙ্গিত দিয়েছিলেন, নাইটক্লাবের ঘটনা এবং সেটি সামাল দিতে ইসিবির ভূমিকা তার অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। ঘটনার ওই মাসের শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।নাইটক্লাবের ঘটনার সময় আইভার পাশে দাঁড়িয়েছিল তার ক্লাব সারাসেন্স। এমনকি ইসিবি তাড়াহুড়া করে তদন্ত শেষ করেছে বলেও ইঙ্গিত দিয়েছিল ক্লাবটি।
ইংল্যান্ডের আন্তর্জাতিক খেলোয়াড় ও সারাসেন্সের সতীর্থ জেমি জর্জ তখন আইভাকে এমন একজন হিসেবে বর্ণনা করেছিলেন, যিনি ওই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছিলেন এবং ঠিক-ভুল বুঝতে পারছিলেন না।তবে এবার আর আইভার পাশে থাকেনি ক্লাবটি। সপ্তাহান্তে ইংল্যান্ডের সেন্ট অ্যালবানসে এক ব্যক্তিকে ঘুষি মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে সারাসেন্স। সোমবার সকালে ক্লাবটি তাদের একাডেমির একজন খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তের কথা জানালেও পরে প্রকাশিত বিবৃতিতে আইভার নাম নিশ্চিত করে।
এক বিবৃতিতে সারাসেন্স জানায়, সিনিয়র পুরুষ দলের একাডেমির সদস্য তোটোয়া আইভা তাৎক্ষণিকভাবে ক্লাব ছেড়েছেন। সপ্তাহান্তের ঘটনার পর তার আচরণ ক্লাবের প্রত্যাশিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিবৃতিতে ক্লাবটি আরও জানায়, মাঠে ও মাঠের বাইরে সারাসেন্সের প্রতিনিধিত্ব করা প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে নির্দিষ্ট আচরণগত মান বজায় রাখার প্রত্যাশা রয়েছে।
সমর্থক, তরুণ খেলোয়াড় এবং অংশীদারদের প্রতি নিজেদের দায়িত্বকেও গুরুত্বের সঙ্গে দেখে ক্লাবটি। তবে এ বিষয়ে এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।নাইটক্লাবের আগের ঘটনার সময় আইভার প্রতি সমর্থন জানালেও নতুন অভিযোগের পর সারাসেন্সের অবস্থান বদলে গেছে। সর্বশেষ ঘটনায় ওঠা অভিযোগের পর তদন্ত চালিয়ে তাকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। ফলে মাত্র ২১ বছর বয়সেই শৃঙ্খলাজনিত বিতর্কে নিজের পেশাদার রাগবি ক্যারিয়ারে বড় ধাক্কার মুখে পড়লেন এই খেলোয়াড়।
পড়ুন:পঞ্চম দিনে আবুধাবি টেস্ট : জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট
ইমি/


