অবৈধ ভিসা চক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের বিরুদ্ধে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের বন্দরে শ্রমকল্যাণ কেন্দ্র ও মেরিন ইনস্টিটিউট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমজীবী নারীদের কথা চিন্তা করেই মহিলা হোস্টেলটি নির্মাণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, যাদের কল্যাণে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, সেগুলো অব্যবস্থাপনার মধ্যে পড়ে থাকতে পারে না। এ কারণে প্রতিষ্ঠানগুলো নতুনভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর মহিলা হোস্টেলটি চালু করা হবে।
বিভিন্ন দেশে নিহত ও আহত বাংলাদেশি প্রবাসীদের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে পাঁচটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং তিনি নিজেও আহতদের ও তাঁদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের মনিটরিং সেল প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর তাঁদের বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করছে।
ট্রাভেল এজেন্সির অনিয়মের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, অনিয়মের কারণে বড় কয়েকটি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। ট্রাভেল এজেন্সিগুলোর মূল কাজ টিকিট সরবরাহ করা হলেও কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন চক্রের মাধ্যমে মানুষকে ভিসা দিচ্ছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
পড়ুন : চুয়েটের সংকট ছড়াচ্ছে ঢাকায়, শাহবাগে সমাবেশের ডাক
সা/


