টাঙ্গাইলে ক্রমেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী, জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৬২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৪০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন রোগী। জেলায় এখন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১১, নাগরপুরে ১ জন, দেলদুয়ারে ৫ জন এবং মধুপুরে ১ জন ভর্তি হয়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে জুলাই মাস থেকে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়তে থাকে। জেলায় জুলাই মাসে ১২৩, আগস্টে ৩২৯, সেপ্টেম্বরে ৯৩৩ এবং চলতি মাসে অক্টোবর ১৩ তারিখ পর্যন্ত ৫৪৫ ডেঙ্গুতে আক্রান্ত হয়। চলতি মাসে আরো রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গুর রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশিরভাগ রোগীই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই চিকিৎসা করতে পারেন। আতঙ্কিত হয়ে হাসপাতালের রোগীর পরিমাণ না বাড়ালে যাদের প্রয়োজন তাদের মানসম্মত চিকিৎসা দেয়া যাবে বলে তিনি জানান।
পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর


