নারায়ণগঞ্জের বন্দরে তিন দিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুই নারীসহ তিনজন খুন হয়েছেন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন গৃহবধূ সুফিয়া আক্তার নিশি (২৪), বৃদ্ধা মাকসুদা বেগম (৭২) ও রাসেল (৩৬) নামে এক ব্যক্তি।
সর্বশেষ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বন্দরের তিনগাঁ উত্তরপাড়া এলাকা থেকে সুফিয়া আক্তার নিশির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নিশি ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) আটক করা হয়েছে।
বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ নিয়ে নিশির সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে ভোররাতে ছুরি দিয়ে গলায় আঘাত করে স্ত্রীকে হত্যা করেন তাঁর স্বামী বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
তিনি জানান,এর আগে গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে মাকসুদা বেগম (৭২) নামে এক নারী নিহত হন। তিনি ওই এলাকার প্রয়াত নাজির সরদারের স্ত্রী।
স্থানীয় সাদ্দামের সঙ্গে মাকসুদার ছেলে জজ মিয়ার ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মারামারির সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মাকসুদা। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও গত শনিবার (১০ অক্টোবর) রাতে বন্দরের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ উচ্চবিদ্যালয়ের পেছনে নির্জন স্থান থেকে রাসেল (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রাসেল ওই এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক। তাঁর বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছিল। কিছুদিন আগে দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
এ ঘটনায় দক্ষিণ ঘারমোড়া এলাকার সাব্বির (২২) ও শাওন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় রাসেল হত্যা মামলায় সাব্বির ও শাওন, মাকসুদা বেগম হত্যা ঘটনায় সাদ্দাম এবং নিশি হত্যা ঘটনায় তাঁর স্বামী মনিরসহ মোট চারজন গ্রেপ্তার হয়েছেন। পৃথক ঘটনাগুলোর তদন্ত চলছে।
পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর


