চট্টগ্রামের দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দোহাজারীবাসী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় শত শত বিক্ষুব্ধ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ‘এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাতকানিয়ার পুরানগড় শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। বক্তব্যে প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতা প্রসঙ্গে দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে সংশ্লিষ্টদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে উত্তর সাতকানিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্যের বক্তব্যের ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারীর বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাতে তাৎক্ষণিকভাবে প্রতিবাদে রাজপথে নামেন স্থানীয় লোকজন।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। পরে দোহাজারী মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
পথসভায় বক্তব্য দেওয়া বিক্ষুব্ধ ব্যক্তিরা বলেন, দোহাজারী একটি ঐতিহাসিক ও গৌরবময় জনপদ। এ এলাকার বাসিন্দাদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করা অপমানজনক ও বিভ্রান্তিকর। এমন মন্তব্যে দোহাজারীবাসীর সম্মানে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দোহাজারীবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে লাগাতার কর্মসূচির মাধ্যমে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা।
পড়ুন : নেত্রকোনা বিজিবির মাদকবিরোধী অভিযানে মিলল মদের চালান


