ইউটিউবে চলচ্চিত্রের চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করে ব্যাপক পরিচিতি পাওয়া রাশেদুজ্জামান রাকিব (যিনি দর্শকমহলে ‘আরএনআর’ নামে পরিচিত) এবার সোজা পা রাখছেন চলচ্চিত্র নির্মাণের জগতে। ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে শুভসূচনা হতে যাচ্ছে তাঁর।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ, আর এর চিত্রনাট্যের দায়িত্ব সামলাচ্ছেন রাকিব নিজেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন রাকিব ও হিমেল আশরাফ উভয়েই। প্রকাশিত পোস্টারে উল্লেখ করা হয়, এতদিন সিনেমাকে বিশ্লেষণের দৃষ্টিতে দেখা রাকিব এবার সিনেমার প্রতি ভালোবাসা থেকেই গল্প রচনার খাতায় নাম লিখিয়েছেন; আর ‘মহব্বত’ ছবির মধ্য দিয়েই তাঁর এই নতুন যাত্রার সূচনা।
দীর্ঘদিন ধরে ইউটিউবে রাকিবের সিনেমা বিষয়ক পর্যালোচনা দর্শকমহলে বেশ সমাদৃত। এবার তাঁর রচিত গল্পে পর্দায় শাকিব খানের উপস্থিতি কেমন হবে এবং চিত্রনাট্যকার হিসেবে তিনি কতটা মুন্সিয়ানা দেখাতে পারেন—তা নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে বাড়তি কৌতূহল দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবি দুটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। পূর্বের ছবি দুটির মতো ‘মহব্বত’ সিনেমাটিও প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। ফলে পরিচালক, প্রযোজক ও প্রধান অভিনেতার এই সফল ত্রয়ীর কাছ থেকে আবারও বড় কিছুর প্রত্যাশা করছেন দর্শক।
অন্যদিকে, ‘মহব্বত’ ছবিতে শাকিব খানের বিপরীতে কার রসায়ন জমবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ছবিতে পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করতে পারেন বলে যে গুঞ্জন উঠেছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্টরা। নায়িকা ও অন্যান্য কলাকুশলীদের পরিচয় জানতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন নির্মাতারা।
সিনেমা সমালোচক থেকে চিত্রনাট্যকার বনে যাওয়া রাকিবের প্রথম কাজ প্রেক্ষাগৃহে কতটা সাড়া ফেলতে পারে, সেটাই এখন ‘মহব্বত’ সিনেমাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু।
পড়ুন : সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে
সা/


