চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে দিনে-দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাবুল দাশ নামে বাগানের আরেক কর্মচারীকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় স্থানীয়রা আবু ও জিহান নামে দুজনকে আটক করেছেন। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফটিকছড়ির ভূজপুর থানার আওতাধীন পঞ্চবটি চা বাগানের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, নেপাল কান্তি দাশ নারায়ণহাট কৃষি ব্যাংক থেকে চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য টাকা উত্তোলন করে বাগানে ফিরছিলেন। পথে বাগানের প্রবেশমুখে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে অস্ত্রের ভয় দেখায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বাগানের আরেক কর্মচারী বাবুল দাশকেও কুপিয়ে জখম করা হয়। এতে তিনিও রক্তাক্ত হন। হামলায় আহত নেপাল কান্তি দাশ ও বাবুল দাশ বর্তমানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে আবু ও জিহান নামে দুজনকে আটক করেন। পরে তাঁদের চা বাগানের ব্যবস্থাপকের কক্ষে রাখা হয় বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পুলিশের কাছে হস্তান্তর নিয়ে বাগানের শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যাংক থেকে শ্রমিকদের মজুরির টাকা উত্তোলন করে ফেরার পথে চা বাগানের কর্মকর্তাদের ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে গণমাধ্যমকর্মীদের তথ্য দিতে বিলম্ব করেন বলে অভিযোগ রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, স্থানীয়রা দুজনকে আটক করেছেন। এ ঘটনায় আরও দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর নিয়ে জটিলতার বিষয়ে তিনি বলেন, বাগানের শ্রমিকরা তাঁদের পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছেন না। এ কারণে ঘটনাস্থলে পুলিশকে হট্টগোলের পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন
ইমি/


