সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ৯৬টি মন্দির কমিটির মাধ্যমে মোট ১০ লাখ নগদ টাকা ও ৩০০টি শাড়ি বিতরণ করা হয়।
রবিবার বিকেলে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রী মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মিলনমেলার এক বড় ক্ষেত্র। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দকে দ্বিগুণ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন এবং পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মন্জু সিকদার।
পূজা উদযাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ বেলকুচি শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক ডা. অমৃত নারায়ণ এবং বেলকুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শঙ্কর সাহা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সহায়তা তৃণমূলের অসহায় পরিবারগুলোর পূজার আনন্দ অনেকটাই বাড়িয়ে দেবে।
পড়ুন : বড়লেখায় রাস্তা সংকুচিত করার প্রতিবাদে হামলার চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ


