নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলার থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক টিপু সুলতান, আবুল কালাম আজাদ, মুজাহিদ, আরিফ মণ্ডল ও আশরাফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হত্যা, হামলা ও হয়রানিমূলক মামলার শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ভয়ভীতি, চাপ কিংবা হয়রানি গ্রহণযোগ্য নয়। তাঁরা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো প্রচেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এসময় মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। তাঁরা সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার, সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পড়ুন : জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সা/


