সিরাজগঞ্জের রায়গঞ্জে লাইসেন্স ছাড়া ডিসপেন্সার মেশিনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির দায়ে সালেহা ট্রেডার্স নামে একটি মিনি পেট্রোল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী সড়কের বাশাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সালেহা ট্রেডার্সে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রি করা হচ্ছিল। তবে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রয়োজনীয় অনুমোদন ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়। পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান বলেন, প্রতিষ্ঠানটির তেল বিক্রির অনুমোদন থাকলেও ডিসপেন্সার মেশিনের মাধ্যমে তেল বিক্রির অনুমোদন ছিল না। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে এবং মেশিনগুলো জব্দ করা হয়েছে।
জনস্বার্থে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও নির্ধারিত নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পড়ুন:টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন
ইমি/


