পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলিসহ চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি বিশেষ টিম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রথম অভিযানটি পরিচালনা করে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায়। সেখানে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এসব স্থান থেকেই উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— পাবনা সদরের হেমায়েতপুর চরঘোষপুর এলাকার আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার জনি কাজী (২৮), ঢালারচরের রামনারায়ণপুর এলাকার জলিল মন্ডল (২৮) এবং মিরপুর এলাকার বাবলু মন্ডল (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পড়ুন: হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১২০৭
আর/


