আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জামালপুরের ইসলামপুর উপজেলায় বাড়ছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা। ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ, উঠান বৈঠক ও চা-চক্রের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় চরপুটিমারী ইউনিয়নে নির্বাচনী জনসংযোগে সক্রিয় হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
বৃহস্পতিবার সন্ধায় চরপুটিমারী ইউনিয়নের চিনারচর বাজারে স্থানীয় ভোটারদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির উত্তর শাখার নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ সভায় আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান মলিন ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় হামিদুর রহমান মলিন বলেন, চরপুটিমারী ইউনিয়নের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের প্রিয় নেতা স্থানীয় সংসদ সদস্য এ,ই সুলতান মাহমুদ বাবুর হাতকে শক্তিশালী করতে তাঁর নির্দেশনা অনুযায়ী দলের সব কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আসন্ন নির্বাচনে আপনারা আমাকে সমর্থন করবেন—এটাই আমার প্রত্যাশা।
তিনি স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে এলাকার উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় চরপুটিমারী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিয়াউল হক মাস্টার ও গণি ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আবু হানিফ বুলবুল, যুগ্ম আহ্বায়ক সামিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চরপুটিমারীতে সম্ভাব্য প্রার্থীদের এমন মতবিনিময় ও জনসংযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
পড়ুন : ফটিকছড়ি উত্তরে ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার বৃক্ষরোপণ


