জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এস এম এ হালিম দুলাল স্বাক্ষরিত ২৫ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহের জন্য ৫ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৪ হাজার টাকা এবং অন্যান্য ৯টি পদের প্রতিটির জন্য ৩ হাজার টাকা জমা দিতে হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা এবং ২৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪ নভেম্বর সকাল ১১টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়া ৬ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ৭ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ১৩ নভেম্বর বেলা ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত মক ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর এক ঘণ্টা বিরতি শেষে বিকেল ৩টায় ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলে নির্বাচনী তফসিলে উল্লেখ করা হয়েছে।
প্রেসক্লাবের ১১টি পদে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ (অর্থবিষয়ক সম্পাদক), ক্রীড়াবিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইসলামপুর প্রেসক্লাব ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এবারের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
পড়ুন : অনিবার্য কারণে রোববারের একনেক সভা স্থগিত
সা/


