তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে দিনাজপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অধীনে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ অক্টোবর, ২০২৬) শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের শহীদ মিনারের পূর্ব কোণে দিনব্যাপী এই ক্রিকেটার বাছাই প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে বিসিবি এই বিশেষ কার্যক্রমের আয়োজন করে।
সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ক্ষুদে ও তরুণ ক্রিকেটারদের এই বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায়। তাদের চোখে-মুখে ছিল দেশের হয়ে খেলার স্বপ্ন আর দারুণ উদ্দীপনা।
কড়া নজরে দক্ষতা যাচাই
খেলোয়াড়দের প্রতিভা ও কৌশল পরখ করতে নির্বাচকমণ্ডলী অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন। রংপুর বিভাগীয় কোচ মাসুদ পারভেজ রাজন, দিনাজপুর জেলা কোচ মাহবুব মেরিন এবং মুরাদ খান উপস্থিত থেকে ক্ষুদে ক্রিকেটারদের ব্যাটিং, বোলিং ও কিপিং দক্ষতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন।
পাইপলাইন শক্তিশালী করার লক্ষ্য বাছাই কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টরা জানান, তৃণমূলের এই ধরনের নিয়মিত আয়োজন দেশের ক্রিকেটের পাইপলাইনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে বাছাইকৃত এই ক্রিকেটারদের পরবর্তীতে আরও উন্নত ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
এর আগে সকালে এই বিশেষ কার্যক্রমের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আসাদ উজ জামান এবং বিসিবি’র কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।
পড়ুন : ফতুল্লায় চুরির অভিযোগে মারধর, পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


