লক্ষ্মীপুরে পৈতৃক জমি দখল ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়সালের বিরুদ্ধে। জমি দখলকে কেন্দ্র করে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী তরু রহমান। এ ঘটনায় প্রতিকার ও পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় রুবেল পাটোয়ারী হাউজিং এ্যাস্টেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তরু রহমান অভিযোগ করেন, গত ২২ অক্টোবর সকালে ফয়সাল মাস্টারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পৈতৃক জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা জমির সীমানাপ্রাচীর ভাঙচুর করে জায়গাটি দখলে নেন। ওই জমির সঙ্গে অভিযুক্তদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
তরু রহমান আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তরু রহমান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিক্ষক ফয়সালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে সেদিন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত
সা/


