গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৬ অক্টোবর ২০২৬ (রবিবার) সকালে এই হামলার ঘটনা ঘটে। গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে দক্ষিণ গিদারী এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলা চালানো হয়। এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সেমিনার আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
অভিযোগে বলা হয়, একদল হামলাকারী লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান। হামলায় কার্যালয়ের চেয়ার-টেবিল, ব্যানার, ফেস্টুন, দলীয় প্রধানদের ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
হামলার সময় কবির হোসেনসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার এজাহারে ২১ জনের নাম নির্দিষ্ট করা হয়েছে, যার মধ্যে রহমান নগর কারিগরি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ১ নম্বর আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে কার্যালয়ে প্রবেশ, মারধর, ভাঙচুর ও বিস্ফোরক আইনে ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে (FIR) বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ২৬ অক্টোবরই এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
পড়ুন : ভেদরগঞ্জে ট্রলার বোঝাই ৫ মণ মা ইলিশ জব্দ


