ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির প্রত্যয়ে দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির জেলার ১৩টি উপজেলায় সফলভাবে ২ দিনব্যাপী গোলাপি সড়ক শোভাযাত্রা শেষে ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন (প্রেস ব্রিফিং) অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এবং দিনাজপুরের খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্তন ক্যানসার প্রতিরোধে প্রাথমিক লক্ষণসমূহ সময়মতো সনাক্তকরণই জীবন বাঁচানোর সবচেয়ে বড় চাবিকাঠি। জেলা ও উপজেলা পর্যায়ে মানুষের মধ্যে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। ক্যানসার মুক্ত সমাজ গড়তে তিনি তৃণমূল পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরের ১৩টি উপজেলায় ২ দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’র মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে স্তন ক্যানসার সম্পর্কিত সচেতনতার বার্তা অত্যন্ত সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তারা জোর দিয়ে বলেন, ক্যানসার প্রতিরোধে সঠিক তথ্যের প্রচার এবং সচেতনতার কোনো বিকল্প নেই।
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, হাসপাতালের যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল এবং কার্যনির্বাহী সদস্য শাহিন খান। এছাড়াও ঢাকা থেকে আগত রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ইউপি সদস্যকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা


