নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জের রজতজয়ন্তী উৎসব শুরু

নানা আয়োজন, আলোচনা ও নাট্যোৎসবের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জের রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবকে ঘিরে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক রোটারিয়ান অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার।

নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সভাপতি আব্দুল আলীম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “সিরাজগঞ্জের মতো জেলা শহরে ২৫ বছর ধরে একটি গ্রুপ থিয়েটার টিকিয়ে রাখা চাট্টিখানি কথা নয়। নাট্যচক্র সেই কঠিন কাজটিই করে দেখিয়েছে। তারা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মঞ্চের আলোয় নিয়ে এসেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের সভাপতি গোলজার হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা রফিকুল ইসলাম, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় বক্তারা আরও বলেন, বাংলাদেশে গ্রুপ থিয়েটার আন্দোলন ’৬০ ও ’৭০ দশকে স্বৈরাচার বিরোধী ও মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ধারা এখনো বহন করে চলেছে নাট্যচক্রের মতো জেলা পর্যায়ের দলগুলো।

গুণীজন সংবর্ধনা ও নাটক মঞ্চস্থ:
অনুষ্ঠানে সিরাজগঞ্জের নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে নাট্যচক্রের পক্ষ থেকে গুণীজন হিসেবে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উদ্বোধনী আলোচনা শেষে নাট্যচক্র সিরাজগঞ্জের নাট্যকর্মীদের সমন্বয়ে সমসাময়িক সমাজের অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষাপটে রচিত ব্যঙ্গাত্মক নাটক “চোর সমাচার” মঞ্চস্থ হয়। নাটকটি দেখতে মিলনায়তনে বিপুল সংখ্যক নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দীর্ঘ ২৫ বছরের পথচলা:
নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ শুধু একটি নাট্যদল নয়, এটি উত্তরাঞ্চলের মুক্তবুদ্ধি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম বাতিঘর। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মঞ্চনাটক, পথনাটক, নাট্য কর্মশালা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে সিরাজগঞ্জে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনপদের গল্প, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজের অসঙ্গতি ও মানবিক মূল্যবোধ তাদের নাটকের মূল উপজীব্য।

আগামীকাল উৎসবের সমাপনী দিনে থাকছে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য ও নাট্যদচক্রের নাটক “কানামাছি খেলা” পরিবেশনা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ইউপি সদস্যকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন