ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর-দেলধা এলাকায় সূর্যমুখী যুব সংঘের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মহসিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুল হক জাহিদ, সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান সাইদুর রহমান ও ওবায়দুল্লাহ খান, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান এবং যুবদল নেতা মো. শরিফসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে। তাই পড়াশোনার পাশাপাশি তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী বক্তব্যে সামছুল হক বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের টুর্নামেন্ট প্রশংসনীয় উদ্যোগ। প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়াচর্চা অব্যাহত রাখতে সূর্যমুখী যুব সংঘের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে নিয়মিত এমন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন।

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক আনন্দঘন ক্রীড়া মিলনমেলায়।

স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন খেলোয়াড় তৈরির প্রত্যাশা নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ইউপি সদস্যকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন